ইত্তেফাক ডেস্ক
বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া :জেলার সরাইলে ট্রাক চাপায় সাগর মিয়া (২০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম।
গাইবান্ধা :সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির চাপায় সাইফ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মিলন মিয়ার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সাইদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোয়াইড় গ্রামের বাসিন্দা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মেডিক্যাল মোড় ভগবন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী (পাবনা) :সোমবার সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নির্মাণাধীন রূপপুর পারমানবিক প্রকল্পের সামনে ট্রাকের ধাক্কায় রিয়া খাতুন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মৃদুল সরকার (২৫) গুরুতর আহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের চাপায় রিয়া ঘটনাস্থলেই মারা যায়।