পাকিস্তানে স্থানান্তর পাক-আফগান সিরিজ

আসন্ন পাকিস্তান-আফগানিস্তান সিরিজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় সেখানে আইপিএলের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে বাধ্য হয়ে ভেন্যু স্থানান্তর করে শ্রীলঙ্কার হাম্বানটোটা নির্বাচন করে আফগান ক্রিকেট বোর্ড। কিন্তু এখন লজিস্টিক কারণে সেখানেও আয়োজন সম্ভব হচ্ছে না। পাকিস্তানে সরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কায় করোনাভাইরাসে একদিনে ১৮৭ জনের রেকর্ড মৃত্যু হয়েছে। এরপরই গত শুক্রবার দেশটির সরকার লকডাউন জারি করেছে, যা দশদিন থাকবে। তাছাড়া তালেবান কর্তৃক কাবুল দখলের পর থেকে উভয় দেশের মধ্যে সব ধরণের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। এমতাবস্থায় শ্রীলঙ্কায় সিরিজটি বাতিল করেছে এসিবি।

তবে প্রথমে জানা গিয়েছিল, সড়কপথে পাকিস্তান হয়ে সেখান থেকে বিমানে করে দুবাই, এরপর সেখান থেকে কলম্বো যাওয়ার কথা ছিল আফগান ক্রিকেট দলের। সে জন্য আফগান ক্রিকেটারদের পাকিস্তানি ভিসাও দেওয়া হয়। কিন্তু এখন করোনাবিধির কারণে সেটি সম্ভব হচ্ছে না।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি শ্রীলঙ্কায় সিরিজ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, সিরিজটি পাকিস্তানে আয়োজন হবে। তবে এখনো ভেন্যু নির্ধারণ করা হয়নি।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অধীনে তিনটি ম্যাচ খেলবে উভয় দল। যেটি আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/টিএ