লবন্দ পাড়ের জমির কান্না

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত স্বচ্ছ জলের প্রাকৃতিক পানির একমাত্র ধারা ছিল লবন্দ খাল। খালটি এখন মৃত এবং পানি প্রবাহ বন্ধ হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শিল্প কারখানার তরল ও কঠিন বর্জ্য এবং পৌরবাসীর আবাসন বর্জ্য সবই নির্বিচারে ফেলা হচ্ছে এখানে। দখল ও দূষণে লবন্দ খালের প্রবাহপথ বন্ধ হয়ে দুর্গন্ধযুক্ত ময়লা পানি দুই পাড়ে স্থায়ীভাবে আটকে আছে। এর ফলে কৃষিজমি নষ্ট হয়ে গেছে। কোনো ফসলই আর লবন্দ খালপাড়ের জমিতে উত্পাদন হয় না। আবর্জনার দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে খালের পাড় দিয়ে হাঁটার উপায় নেই। লবন্দ খাল দখল ও দূষণ মুক্ত করতে একাধিকবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কাজ হয়নি। শিল্প কারখানা শ্রীপুর পৌরবাসীর জন্য আশীর্বাদ হলেও বর্তমানে শিল্প ও পৌর বর্জ্য পৌরবাসীর গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কামরুজ্জামান

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালেরগড়, গাজীপুর