সিলেট অফিস ও সুনামগঞ্জ প্রতিনিধি
দৈনিক ইত্তেফাক-এর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদার (৬০) গত রবিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। হাবিবুর রহমানের মৃত্যুতে সিলেট ও সুনামগঞ্জের সাংবাদিক ও রাজনৈতিক মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাবিব উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল সোমবার দুপুর ২টায় তার নিজ এলাকা দিরাইর রাধানগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয়। তার জানাজায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাবিবুর রহমান প্রায় চার দশক থেকে ভাটি বাংলার সাংবাদিকতার সঙ্গে জড়িত। তিনি একাধারে বাংলাদেশ বেতার, দৈনিক সিলেটের ডাক-এর দিরাই প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদসংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার সাংবাদিকতা শুরু হয় সিলেটের প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরী’র (বর্তমানে দৈনিক) মাধ্যমে। তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
শোক প্রকাশ
এদিকে পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, জাতীয় পার্টি-জেপির সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, সাধারণ অ্যাডভোকেট আবদুল করিম আকবরী, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়াম্যান খায়রুল হুদা চপল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-অ্যাডভোকেট সোহেল আহমদ, সহ-সভাপতি সিরাজ উদ দৌল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বাংলাদেশ বেতার সিলেটের উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের ব্যুরোপ্রধান হুমায়ূন রশিদ চৌধূরী প্রমুখ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।