ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার হরিণাকুণ্ডু উপজেলার শুরা গ্রামের দোলখালী থেকে লাশটি উদ্ধার করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে গ্রামবাসী রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার মাথার বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। পরনে কালো রঙের প্যান্ট ও গায়ে সাদা শার্ট আছে। বয়স আনুমানিক ২৮ বছর হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান।