ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি জঙ্গিগোষ্ঠী দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। হরকাতুল জিহাদ ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীসহ জামায়াতের লোকজন কীভাবে সেখানে সংযুক্ত ছিল, কীভাবে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্বীকারোক্তিমূলক সাক্ষাত্কার এখনো পাওয়া যায়।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইভি রহমান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের সভাপতিত্বে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম প্রধান আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট ও ২১ আগস্ট শহিদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্মরণ করেন।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম তার বক্তৃতায় বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনো ফণা তুলতে চায়। দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশের সকলকে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।’ আওয়ামী লীগ নেতা এম এ করিম, আইভি রহমান পরিষদের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান খোকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, রাকন উদ্দিন পাঠান, ন্যাপ ভাসানী সভাপতি এম এ ভাসানী, আইভি রহমান পরিষদ সদস্য আজিজুর রহমান, মাহবুব হোসেন, খালেকুজ্জামান, হোসনে আরা জলি, সমীরণ রায় প্রমুখ সভায় বক্তৃতা করেন।