টঙ্গীতে দুই ডাকাত গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও বাবু ওরফে বুক-কাটা বাবু (২৬) নামে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মৃত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোরা, একটি হ্যাকসো ব্লেড ও হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকার মোজাফফর হোসেনের ছেলে সজীব ওরফে কেরান্সি সজীব এবং মুন্সীগঞ্জ জেলা সদর থানা এলাকার মাক্কা হাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবু ওরফে বুক-কাটা বাবু। বর্তমানে এরশাদ নগরে বসবাস করেন বাবু। পুলিশ জানান, সোমবার গভীর রাতে মৃত্তিবাড়ি  শ্মশান ঘাট এলাকায় ডাকাত দলের সাত-আট জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান নেন।