৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এটি গত ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৭১৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ, যা আগের দিনের চেয়ে সামান্য বেশি। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন কোভিড রোগী শনাক্ত হলো; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৩৯৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর রবিবার এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৮০৪ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১৩৯ জনের। সেই হিসাবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। যে ১১৭ জন গত এক দিনে    মারা গেছে, তাদের ৬৪ জন নারী আর ৫৩ জন পুরুষ। দেশে কোভিডে মৃতদের ৬৫ শতাংশই যেখানে পুরুষ, সেখানে এক দিনে পুরুষের চেয়ে বেশি নারীর মৃত্যুর ঘটনা বিরল। শুধু ঢাকা বিভাগেই ৩ হাজার ৩৬৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আগের দিন এই বিভাগে ২ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৮ হাজার ৯৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৬০, যা আগের দিন ৭২ হাজার ৮৪২ জন ছিল। এক সপ্তাহ আগেও সক্রিয় রোগীর সংখ্যা ছিল লাখের বেশি। সাপ্তাহিক পরিস্থিতির যে হিসাব স্বাস্থ্য অধিদপ্তর সোমবার দিয়েছে, তাতে ১৬ থেকে ২২ আগস্ট—এই এক সপ্তাহে ২ লাখ ৪০ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা করে ৪৩ হাজার ৯৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষার এই সংখ্যা আগের সপ্তাহের (৯ থেকে ১৫ অগাস্ট) তুলনায় ১৭ শতাংশ কম। আর শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ শতাংশ কম। গত এক সপ্তাহে কোভিডে মারা গেছে মোট ১ হাজার ১০৭ জন, যা আগের সপ্তাহের চেয়ে ২৭ শতাংশ কম। ২৪ ঘণ্টায় মৃত ১১৭ জনের মধ্যে দশোর্ধ্ব এক জন, বিশোর্ধ্ব এক জন, ত্রিশোর্ধ্ব নয় জন, চল্লিশোর্ধ্ব ছয় জন, পঞ্চাশোর্ধ্ব ২৬ জন, ষাটোর্ধ্ব ৪১ জন, সত্তরোর্ধ্ব ২১ জন, আশি-ঊর্ধ্ব ৯ জন ও নব্বই বছরের বেশি বয়সি তিন জন রয়েছেন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ১১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১৩ জন, রংপুরে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।