সাভারের ট্যানারি বন্ধের সুপারিশ

বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় সাভারের চামড়া শিল্প নগরী আপাতত বন্ধ রাখতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

এজন্য আগামী ২-১ দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) চিঠি দেওয়া হবে বলে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, ‘সংসদীয় কমিটির পক্ষ থেকে চামড়া শিল্প নগরী পরিদর্শন করে সার্বিক অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।’

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, সাভারের চামড়া শিল্প নগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘনমিটার।

অর্থাৎ দৈনিক ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিবেশে মিশছে। গত তিন বছরে এক কোটি ৬৪ লাখ ঘনমিটার বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থেকে গেছে।

প্রচুর বর্জ্য ধলেশ্বরী নদীতে মিশে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দূষণ কমানোর জন্য হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি আনা হল। কিন্তু দূষণ তো কমল না।’

২০০৩ সালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী গড়ে তোলার কাজে হাত দেয় বিসিক। চামড়া শিল্পকে আন্তর্জাতিক মানসম্মত পরিবেশে উন্নীত করতে এ সিদ্ধান্ত করা হয়। হাজারীবাগের ট্যানারি মালিকদের অনীহা সত্ত্বেও ২০১৭ সালের এপ্রিলে আদালতের নির্দেশে তাদেরকে সেখানে যেতে বাধ্য হতে হয়।

ইত্তেফাক/এএএম