ময়মনসিংহ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে বীরগুছিনা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাখাওয়াত হোসাইন (২০)। এ সময় তার কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি মোবাইল ফোন ও বেশ কিছু উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।

র্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ২০১৭ সাল থেকে ঢাকায় অধ্যয়নরত অবস্থায় আনসার আল ইসলামের উগ্রবাদী কার্যক্রমে জড়িত বলে স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনাসহ অন্যদের উদ্ধুদ্ধকরণ এবং অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করত সে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।