রাজধানীতে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

রাজধানীর লালবাগ কেল­ার মোড় বাজারে ট্রাক চাপায় সামিয়ান (৪) নামে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। আহত শিশুকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্র জানায়, শিশুটির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তার বাবার নাম আরমান হোসেন। তিনি পরিবার নিয়ে লালবাগ কেল­ার মোড় শাহসাব বাড়ি এলাকায় থাকতেন। মা আসমা আক্তার অন্যের বাসায় কাজ করেন।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

নিহত শিশুর বড় ভাই হূদয় হোসেন জানান, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মা বাজারে ওষুধ আনতে যান। এ সময় সামিয়ানকেও সঙ্গে নিয়ে যান। ফার্মেসি থেকে ওষুধ কিনে বের হওয়ার সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে সামিয়ান। এতে গুরুতর আহত হয় সে। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।