ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান মৌলী। বিএসএমএমইউতে ভর্তির দিনই তার চিকিত্সায় পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান পরিবারের সদস্যদের জানিয়েছেন, ভাষাসৈনিক হাসান আজিজুল হক আগে থেকেই হূদেরাগে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি নিউমোনিয়া, ডায়াবেটিসসহ অন্যান্য বয়সজনিত সমস্যায় আক্রান্ত। গত শনিবার তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির পর রবিবার মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিত্সক দলের তত্ত্বাবধানে রয়েছেন।
ইমতিয়াজ হাসান মৌলী বলেন, ‘বাবার অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তার শরীরে অক্সিজেনের তেমন অভাব না থাকলেও নিউমোনিয়ার কারণে আলাদা করে অক্সিজেন দেওয়া হচ্ছে। হার্ট, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ আগে যেসব সমস্যাগুলো ছিল, সেগুলো এখন কিছুটা কমেছে। গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেডিক্যাল বোর্ড বসেছিল। তারা আলোচনা করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। করানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’
উল্লেখ্য, গত শনিবার উন্নত চিকিত্সার জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে ঢাকার জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হূদেরাগ ছাড়া অন্য সমস্যাগুলো থাকায় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এর আগে প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় বাসায় চিকিত্সাধীন ছিলেন। এই এক মাস স্থানীয় চিকিত্সকেরা বাসায় গিয়ে তার চিকিত্সা করছিলেন।