জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে জয়ের সুবাতাস পেয়েও হেরে যায় বাবর আজমের দল। এবার দ্বিতীয় ও শেষ টেস্টেও চালকের আসনে পাকিস্তান। চতুর্থ দিন শেষে এগিয়ে রয়েছে তারাই। পঞ্চম দিনে জয়ের জন্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮০ রান ও সফরকারীদের দরকার ৯টি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ফাওয়াদ আলমের সেঞ্চুরির ওপর ভর করে ৩০২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ১৫২ রানের লিড পায় সফরকারীরা। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শাহীন আফ্রিদি। ৫১ রানের বিনিময়ে নিয়েছেন ৬টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে মাত্র এক সেশন ব্যাটিং করেছে পাকিস্তান। ওয়ানডে মেজাজে খেলে ২৭.২ ওভারে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রান।

জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইত্তেফাক/টিএ