শুটিং ফেলে স্বামীর পাশে ঐশ্বরিয়া

 বিনোদন ডেস্ক

 

দীঘদিন পর আবারো সিনেমার খবরে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। মধ্যপ্রদেশে ‘পূণ্যিয়ানি সেলভান’ শিরোনামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। তবে মণি রত্নম পরিচালিত এই সিনেমাটি শুটিং চলাকালেই মনখারাপ করা একটি খবরে মুম্বাইয়ে ফিরতে হলো এই অভিনেত্রীকে। হাতের আঙুলের চোট গুরুতর হওয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন। তাই অসুস্থ স্বামীর পাশে থাকতে দ্রুত মেয়ে আরাধ্যকে নিয়ে মুম্বাই ফেরেন তিনি।

জানা গেছে, সম্প্রতি শুটিং চলাকালীন হাতে চোট পান অভিষেক। হাতের তালুতে আঘাতের পাশাপাশি আঙুলও ভেঙে যায় তার। তবে হাতে ব্যান্ডেজ করে বাড়িতেই ছিলেন এই অভিনেতা। কয়েক দিন আগে হাতে ব্যান্ডেজ নিয়েই ঐশ্বরিয়া ও আরাধ্যকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলেন অভিষেক। কিন্তু বাড়িতে ফিরে আঘাতের ওপরেই ফের চোট পান তিনি। তার জেরেই লীলাবতী হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘হটাত্ অভিষেকের শারীরিক অবস্থা খারাপ হওয়া সত্যি অনেক কষ্টের। আচমকা এমন খবর পেয়ে হতবম্ব হয়ে পড়েছিলাম। কারণ মুম্বাই থেকে অনেক দূরে ছিলাম। তাছাড়া আমার সঙ্গে মেয়ে আরাধ্যও ছিল। তাই কোনো কিছু চিন্তা না করে দ্রুত ফিরতে হলো। এমন সময় শুটিংয়ের চেয়ে অভিষেকের পাশে থাকা জরুরি।’ উল্লেখ্য, ঐশ্বরিয়া অভিনীত নতুন এই সিনেমাটি আগামী বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা।