লক্ষ্মীপুর প্রতিনিধি
বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে লক্ষ্মীপুর শহরবাসী। সাধারণ মানুষকে দুঃসহ গরমে দিন-রাত পোহাতে হচ্ছে লোডশেডিংয়ের তীব্র যন্ত্রণা। ঝড়ের কারণে বিদ্যুত্ বিভ্রাট অনেকটা স্বাভাবিক। কিন্তু সামান্য বৃষ্টিতেও বিদ্যুত্ থাকে না। সেটিও অনেকের কাছে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বর্তমানে বিনা অজুহাতে বিদ্যুত্ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। না ঝড় না বৃষ্টি, তবুও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত্ থাকে না। এ অবস্থা চলছে লক্ষ্মীপুর পিডিবির আওতাধীন লক্ষ্মীপুর শহর এলাকায়।
পলি বেগম নামের এক গ্রাহক জানান, প্রতিদিন চার-পাঁচ বার করে তার এলাকায় বিদ্যুত্ থাকছে না। প্রতি বারে বিদ্যুত্হীন থাকার পরিমাণ প্রায় এক থেকে দেড় ঘণ্টা। রহমত উল্যা জানান, শুক্রবারও এলাকায় বিদ্যুত্ থাকে না। প্রতিদিন অন্তত দুই বার করে লোডশেডিং হচ্ছে। লক্ষ্মীপুর বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিঠু বিশ্বাস বলেন, বিদ্যুত্ সরবরাহ লাইনে সমস্যা হলে এবং গ্রিডে সমস্যার কারণে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকে। এছাড়া বর্তমানে লক্ষ্মীপুর শহরে কোনো লোডশেডিং নেই। বিভিন্ন এলাকায় লাইন মেরামতের কাজ করা হলে তখন ঐ এলাকার বিদ্যুত্ লাইন সাময়িকের জন্য বন্ধ রাখা হয়। এটাকে লোডশেডিং বলা যায় না।