স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীতে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছরের বেশি সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এই টিকা নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, ১৮ বছর হলেই সবাই টিকা পাবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে শুধু শিক্ষার্থীরাই করোনার টিকা পাবে। গত ২১ আগস্ট থেকে নগরীর টিটিসি টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাতিন ইশরাক জানান, কয়েক দিন আগে রেজিস্ট্রেশন করি পরে এই কেন্দ্রে আসার বিষয়ে কর্তৃপক্ষ জানায়। মঙ্গলবার এসে টিকা নিলাম। আমার পরিচিত অনেক শিক্ষার্থী টিকা নিচ্ছে। নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের আকাশ জানান, টিকা নেওয়ার কয়েক দিন আগে একটি সংবাদমাধ্যমে জানতে পারি। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা সবাই করোনার টিকা নিতে পারবেন। আজ টিকা নিলাম, ভালো লাগছে। সব শিক্ষার্থীদের এভাবে টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে ভালো হয়।