ফেনীর একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাত্ চোখে পড়ল একটি বিপণী বিতান। তার সামনে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে—‘এখানে পার্কিং নিষেধ’। কিন্তু বাস্তব চিত্র দেখলে মনেই হবে না যে এটি কোনো বিপনী বিতানের সম্মুখ স্থান। মনে হচ্ছিল গাড়ি পার্কিং স্থান! বিশেষ করে বেশিরভাগ স্থান ছিল মোটরসাইকেলের দখলে। অবস্থা এমন হয়েছে যে একজন মানুষ ঢুকবার পথ ছাড়া সম্পূর্ণ রাস্তা বন্ধ। আর পার্কিং করা মোটরসাইকেল অনেকাংশই দেখা যায় বিপণী বিতান পেরিয়ে ফুটপাত পেরিয়ে রাস্তায় এসে পড়েছে। ফলে রাস্তায় তৈরি হয় যানজট। এমন দৃশ্য শুধু শুধু একটি বিপণী বিতান নয়, অধিকাংশ বিপণী বিতানে লক্ষণীয়। যা জনদুর্ভোগের কারণ। বিপণী বিতান কর্তৃপক্ষ ও প্রশাসন বিষয়টির প্রতি লক্ষ রাখার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী