শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সোমবারের মতো গতকাল মঙ্গলবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। এ উত্থানের মাধ্যমে শেয়ারবাজার আরেক ধাপ উচ্চতায় উঠেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮৪ দশমিক ৬৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৪ দশমিক ৪৮ পয়েন্টে এবং ২ হাজার ৪৬৩ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসইর এ তিন সূচকই সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। এর আগে এই সূচকগুলো এ অবস্থানে উঠতে পারেনি।
ডিএসইতে গতকাল ২ হাজার ৭৬২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৩টির বা ৫৬ দশমিক ৬৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৪ দশমিক ৮৪ শতাংশের এবং ৩২টির বা ৮ দশমিক ৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬ দশমিক ২২ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ১২৪টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।