জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে কালার স্টাইল বাংলাদেশ

ইত্তেফাক রিপোর্ট

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ছয় একর জমি বরাদ্দ পেয়েছে কালার স্টাইল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এ বিষয়ে একটি জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, রেসাসকেমি ইন্ডাস্ট্রিয়াল নামক একটি তুর্কি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে জামালপুরে দুটি শিল্প-কারখানা স্থাপন করবে কালার স্টাইল বাংলাদেশ। এর মধ্যে রেসাসকেমি বাংলাদেশ লিমিটেড শিল্প-কেমিক্যাল এবং মাজ টেক্সটাইল লিমিটেড শতভাগ রপ্তানিমুখী নিট কম্পোজিট উত্পাদন করবে। বেজা সূত্রে জানা যায়, কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড জামালপুরে মোট বিনিয়োগ করবে ১ কোটি ১৭ লাখ ডলার। এর ফলে ১ হাজার ২৩৫ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) (অতিরিক্ত সচিব) আলী আহসান এবং কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, সারা দেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে জামালপুরের এ অর্থনৈতিক অঞ্চলটিকে খাদ্য ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে।