ঢাকায় কিউইরা, কোয়ারেন্টাইনে দুই দল

ফিন অ্যালেন করোনা পজিটিভ

স্পোর্টস রিপোর্টার

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আট বছর পর বাংলাদেশ সফরে (সর্বশেষ সফর ২০১৩ সাল) এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গতকাল দুপুর ১২টায় ঢাকায় এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে গিয়েছে দলটি। টিম হোটেলে পৌঁছেই অবশ্য দুঃসংবাদ শুনতে হয়েছে সফরকারীদের।

সফরের শুরুতেই করোনা হানা দিয়েছে নিউজিল্যান্ড শিবিরে। বাংলাদেশে আসার ৪৮ ঘণ্টা পর করোনা ভাইরাস ধরা পড়েছে ফিন অ্যালেনের। দ্য হান্ড্রেড খেলে গত ২০ আগস্ট কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন ডানহাতি এ ওপেনার। কোয়ারেন্টাইনে থাকাকালীনই করোনা পজিটিভ হলেন তিনি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই আইসোলেশনে রাখা হয়েছে ফিন অ্যালেনকে। কিছু উপসর্গ রয়েছে তার, তবে করোনার ভ্যাকসিন নেওয়া রয়েছে। তাই নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে যাবেন ২২ বছর বয়সি এ ব্যাটসম্যান।

লন্ডন থেকে আসার সময় হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেছিলেন ফিন অ্যালেন। স্যান্ডল বলেছেন, ‘ফিনের জন্য এটা সত্যিই দুর্ভাগ্যজনক। সে এখন ঠিক আছে। আশা করি, দ্রুতই সেরে উঠবে, নেগেটিভ রিপোর্ট পাবে এবং ছাড়া পাওয়ার অনুমতি পাবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ দারুণ পেশাদারভাবে সাড়া দিয়েছে এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখছে।’ তবে এখনই ফিন অ্যালেনের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি নিউজিল্যান্ড।

এদিকে গতকাল সকালে হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। আগামীকাল (২৬ আগস্ট) পর্যন্ত দুই দলই হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে। এর মধ্যে দুই বার করোনা পরীক্ষা হবে দুই দলের সবার ও সিরিজ সংশ্লিষ্টদের। নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৭ আগস্ট অনুশীলনে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। 

অতীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনোই টি-২০ ম্যাচ জিতেনি বাংলাদেশ দল। ১০ ম্যাচের সবকটিই জিতেছিল কিউইরা। এবার নিশ্চয়ই পরাজয়ের সেই শৃঙ্খল ভাঙতে মুখিয়ে থাকবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বিকাল ৪টায়।