জেমির ক্যাম্পে ফ্রান্স ও কানাডা প্রবাসী দুই ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

সাফে জেমি ডের দলে দুই প্রবাসী ফুটবলার ডাক পেয়েছেন। এক জন রক্ষণভাগের অন্যজন মাঝমাঠের খেলোয়াড়। বাফুফে বলছে, তারা ঢাকায় যোগাযোগ করেছিল। কোচ জেমি তাদের দলে নিয়েছেন বায়োডাটা দেখে। ম্যাচের ভিডিও দেখেছেন। জেমি বলেছেন তিনি সন্তুষ্ট। তবে মাঠে নেমে পরীক্ষা দিতে হবে। এক জন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান এবং ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলামকে নিয়ে কোচ জেমি বলেছেন, ‘আমি তাদের খেলা দেখেছি। তথ্য নিয়েছি। আমাদের প্রয়োজন আছে। এখন দেখা যাক তারা নিজেদের প্রমাণ দিতে পারে কি না।’

কানাডার নর্থ টরেন্টো নিটরোস ক্লাবের হয়ে অন্টারিও লিগ ওয়ানে রক্ষণভাগে খেলেছেন ওয়াহেদ খান। পাবনার পাকশি গ্রামের ছেলে ওয়াহেদ খানের বাবা-মা এখানেই থাকেন। ফ্রান্সে থাকা তাহমিদ ইসলাম মাঝমাঠের খেলোয়াড়। বাফুফে এই দুই ফুটবলারের পাসপোর্ট দেখে বলছে তারা দুজন বাংলাদেশে জন্মেছেন। তবে এই দুজন সরাসরি কিরগিজস্তানে ক্যাম্পে যোগ দেবেন। এক জন আসবেন কানাডা হতে অন্যজন ফ্রান্স হতে।

কোচ জেমি প্রবাসী বাংলাদেশি কোনো ফুটবলার পেলে তাকে দলে নেওয়ার চেষ্টা করছেন। পরীক্ষায় টিকলে সুযোগ পাবেন। এরই মধ্যে খেলছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজি। বসুন্ধরায় আছে কাতার প্রবাসী ওবায়দুর রহমান, ইংল্যান্ড প্রবাসী ইউসুফ খান। তারা যদি নিজেদের যোগ্যতা দেখাতে পারেন জাতীয় দলে দরজা খুলে দেওয়া হবে।