চসিক ও ব্রাহ্মণবাড়িয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বালিকা দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফুটবলের ফাইনালে চসিক টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হারায় চট্টগ্রাম জেলাকে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। একই ভেনুতে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৩-১ গোলে হারায় পার্বত্য জেলা খাগড়াছড়িকে।

জয়ী দলের হয়ে আরিফা ২টি, পূজা দাশ ১টি গোল করেন। খাগড়াছড়ির পক্ষে একমাত্র গোলটি করেন ক্রানুচিং মারমা।