হাইকোর্টের বিচারপতি আমির হোসেনের ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ........... রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে এই বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।

সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিচারপতি আমির হোসেনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছে। সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হোসেন তালুকদার ও আইনজীবীরা অংশ নেন। এর আগে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এছাড়া প্রয়াত বিচারপতি আমির হোসেনের ছেলে মোসাব্বির হোসেন রাফিও তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তাকে নিকলীর নিজ গ্রামে দাফন করা হয়। বিচারপতি আমির হোসেন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।