এখনই ইলিশ রপ্তানি নয় —মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

এখনই ইলিশ রপ্তানি নয় বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, বর্তমানে ইলিশের উত্পাদন যেটা হচ্ছে আগামী পাঁচ বছর যদি এ ধারা অব্যাহত রাখা যায়, তাহলে স্বয়ংসম্পূর্ণতা আসবে। এছাড়া এখনো অনেক গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে ইলিশ যায় না। আমি চাই, দেশের সবাই যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবা যাবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি হলে দেশের মানুষের সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। তাই ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির পক্ষে নই— জানান তিনি।