গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে যাত্রীবাহী বিএমএফ ও বিআরটিসি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত ও তিন চালকসহ ২৫ যাত্রী আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী গ্রামের গাইনেরপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে উভয় সড়কের দুই পার্শ্বে আড়াই শতাধিক যানবাহন আটকা পড়ে। বরিশাল থেকে রেকার এনে যান তিনটি সরিয়ে ফেললে বিকাল সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গুরুতর আহত ৯ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও দুই জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়া থেকে বিএমএফ পরিবহনের ব্যানারে নায়ন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৬৭৫) বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১২৪৪) পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঐ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-০৩৭০) দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসের পেছনে ঢুকে যায়। দুর্ঘটনায় দুটি বাস এবং প্রাইভেটকারের সন্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে বিআরটিসি বাসের চালক মো. মুকুল, বিএমএফ পরিবহনের বাসের চালক মো. আসলামসহ ২৫ আহত হন। শের-ই বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক এক জনকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।