ভৈরবে শহিদ আইভি রহমানের ১৭ম শাহাদত বার্ষিকী পালিত

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী সংগ্রামী নারী নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও খতমে কোরআন পাঠের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমান স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহরের চন্ডিবের এলাকায় শহিদ আইভি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। পৌরসভার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এদিকে বাদ জোহর মসজিদে মসজিদে দোয়া ও মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিত্সাধীন অবস্থায় ২৪ আগস্ট তার মৃত্যু হয়।