আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ করতে এসে তিনি (শেখ হাসিনা) রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মুক্তিযোদ্ধা আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী গতকাল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকালে বনানীতে আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা। আইভি রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমানের মধ্যে কখনো অহমিকা বোধ দেখিনি। এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনো সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিনও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।
আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে গতকাল বাদ আসর পরিবারের পক্ষ থেকে আইভি কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।