ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাত্ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই সাক্ষ্য গ্রহণ করেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শেষ করলে আগামী ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রাখা হয়েছে। এ মামলায় অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর মধ্যে মোট ২০ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি কারাগারে আছেন। এছাড়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান কাজী সালাহউদ্দিন, সাবেক এমডি এ বি এম শামীম, ভাইস প্রেসিডেন্ট লুত্ফুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন কুমার সাহা জামিনে রয়েছেন। এস কে সিনহাসহ চার আসামি বিচারের শুরু থেকেই পলাতক। এরা হলেন :ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী আহমেদ, সাভারের সান্ত্রী রায় (সিমি) ও রণজিত্ চন্দ্র সাহা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র আদালতে দাখিল করে। অভিযোগত্রে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়। আর তদন্তকালে এজাহারনামীয় আসামি ফারমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক (গুলশান) মো. জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত বছরের ১৩ আগস্ট এই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিচার শুরুর নির্দেশ দেয়। এরপর ১৮ আগস্ট এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ঐ দিন মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল সাক্ষ্য দেন। ২০১৯ সালের ১০ জুলাই ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাত্ করার অভিযোগে মামলাটি করে দুদক।