আগামী ২৯ অক্টোবর শুরু হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় যাদের শ্রুতিলেখকের প্রয়োজন তাদের আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে পিএসসি থেকে তাদের শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর অফিস চলাকালীন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্রের কপি এবং অ্যাডমিট কার্ড, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন দ্বারা প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্টের প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন আবেদন করতে হবে। আবেদন করা না হলে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে না।