পুলিশের গুলিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি বিচ্ছিন্নতাবাদী দলের শীর্ষ কমান্ডার ও তার এক সহযোগী পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ) এর প্রধান আব্বাস শেখ ও উপ-প্রধান সাকিব মঞ্জুরের নিহত হওয়ার খবর জানায় ভারতীয় পুলিশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশপ্রধান বিজয় কুমার জানান, কয়েক ডজন টার্গেট কিলিংয়ে জড়িত এ দুই জন শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। বিশিষ্ট আইনজীবী বাবর কাদরিসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কিছু কর্মীর হত্যার সঙ্গেও তারা জড়িত বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানভিত্তিক সংগঠন ‘লস্কর-ই-তৈয়বার’ একটি শাখা দল ‘দ্য রেসিস্টেন্স ফ্রন্ট’ (টিআরএফ) বলেও জানান তিনি।