জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচি আপাতত আর হচ্ছে না—স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশে গণটিকা কর্মসূচি বন্ধ নয়, আরো জোরদার করতে হবে। পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে টিকা আমদানিতেও সাফল্য দেখাতে হবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, গণটিকা কর্মসূচিতে বিশৃঙ্খল পরিবেশ ছিল, কিন্তু প্রতিদিন লাখ লাখ সাধারণ মানুষ টিকা পেয়েছেন। আমরা আশা করছি, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আবারও গণটিকা কার্মসূচি চালু করা হবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। এতে দরকার হবে ১৬ কোটি ডোজ করোনার টিকা। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে এই বিপুল সংখ্যক টিকা কখন, কোথা থেকে আসবে, তা উল্লেখ নেই।
এদিকে জাপা চেয়ারম্যান গতকাল রাজধানীর ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন। সমিতির কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবু। জাপার সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন, যুগ্ম-কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।