ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেকে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই কয়েদির নাম সরোয়ার কামাল লিটন (৫৬)। হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তিনি ময়মনসিংহ কারাগারে বন্দি ছিলেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল।

জানা যায়, ময়মনসিংহ কারাগারে বন্দি অবস্থায় একাধিকবার চিকিৎসার জন্য রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছিল লিটনকে। সর্বশেষ চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সে অনুযায়ী, মঙ্গলবার সকালে তাকে ঢামেকে ডাক্তার দেখানো হয়। এ সময় তাকে ভর্তি না নিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে ওই দিন রাতে শারীরিক অবস্থার তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি