আনন্দ বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। তবে গানের চেয়ে অভিনয়েই তার সরব উপস্থিতি দেখা গেছে বিভিন্ন সময়ে। অনেকদিন পর হলেও আবার একটি নতুন মৌলিক গান নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন তিনি। তার নতুন মৌলিক গানের নাম ‘শেষের কবিতা’। গীতিকবিতাটি লিখেছেন ফয়সাল আহমেদ এবং সুর করেছেন আমজাদ হোসেন। গানটি প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘এর আগেও বেশকিছু মৌলিক গান করা হয়েছে আমার। বিশেষত নাটকে গান করেছি আমি। তবে আয়োজন করে এবারই প্রথম মৌলিক গান করা। গানের কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। কিন্তু করোনার কারণে গানটির মিউজিক ভিডিও করা হয়নি। যেহেতু আয়োজন করে এটা আমার প্রথম মৌলিক গান, তাই আমিও চাচ্ছি গানটি যথাযথভাবে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হোক। আমার বিশ্বাস, যথাযথভাবে গানটির মিউজিক ভিডিও করে ইউটিউবে প্রকাশ করা হলে, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে, ইনশাআল্লাহ।’ এদিকে এরইমধ্যে অনেক নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছেন ঐন্দ্রিলা। তবে কোনো গল্পই তার পছন্দ না হওয়ায় আপাতত নাটকে কাজ করা হচ্ছে না তার। গত ঈদে ঐন্দ্রিলা অভিনীত ‘কলঙ্ক’, ‘ফেকলাভ’ ও ‘চিলে কোঠার সংসার’ নাটক প্রচারিত হয়েছে। ঐন্দ্রিলা জানান, এ নাটকগুলো ঈদের অনেক আগেই করা ছিল। কিন্তু প্রচার হচ্ছিল। তাই এবারের ঈদে প্রচার হলো নাটকগুলো। করোনার কারণে অবশ্য অনেক কাজ থেকে তাকে বিরত থাকতে হয়েছে দুই সন্তানের কথা মাথায় রেখে। বাংলাভিশনে তার উপস্থাপনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘সেফ’সি কিচেন’ বেশ দর্শকপ্রিয়তা পায়। করোনার প্রাদুর্ভাব শুরুর ঠিক আগে নাগরিক টিভিতে তার উপস্থাপনায় ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠান প্রচারিত হয়। তারও আগে এসএটিভি এবং চ্যানেল আইয়েও একই ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করেন ঐন্দ্রিলা। তিনি মাবরুর রশীদ বান্নাহর ‘সাংসারিক ভালোবাসা’, পৃথুরাজের ‘জলপুকুরে ডুব’সহ বেশকিছু নাটকে অভিনয় করে এবং নাফিজের নির্দেশনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় আসেন।