‘প্রত্যাশিত একটি চরিত্রে কাজ করলাম’

 বিনোদন প্রতিবেদক

 

‘একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে অন্য কাজে যুক্ত হলে সেই চরিত্র থেকে বেরিয়ে আসতে হয়। এতে এক ধরনের বিভাজন তৈরি হয়। আসলে একটি চরিত্রের সঙ্গে মিশে যেতেও তো সময় লাগে। তাই ছবিটির ডাবিং শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো কাজ করতে চাচ্ছি না।’—ক্যারিয়ারের প্রথম ছবির কাজ শেষ করা ও চরিত্রের গুরুত্ব প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন অভিনেত্রী নোভা ফিরোজ। সম্প্রতি তিনি রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ ছবির শুটিং শেষ করেছেন। বর্তমানে ছবিটির ডাবিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নোভা। ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ছবিটির জন্য যখন অডিশন দিয়েছিলাম তখন অনেকটাই ভয় কাজ করছিল। তবে ছবিটির গল্প শোনার পর সেই ভয় কেটে যায়। আমার প্রত্যাশিত একটি চরিত্রে কাজ করলাম। এতে আমি ঐশী নামের একটি চরিত্রে অভিনয় করেছি। ঐশীর মাধ্যমে বর্তমান সমাজের একজন মেয়েকে উপস্থাপন করেছি। আমাদের চারপাশের একটি গল্পই ছবিটিতে তুলে ধরা হয়েছে। আশা করছি, দর্শকরা দারুণভাবে উপভোগ করবেন ছবিটি।’ ছবিটিতে নোভার বিপরীতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। এ প্রসঙ্গে নোভা বলেন, ‘খুবই সুন্দর একটি জার্নি শেষ করলাম। দারুণ একটি টিমের সঙ্গে কাজ করেছি। ক্যারিয়ারের প্রথম ছবিতে তারিক আনাম খানের মতো একজন গুণী অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। অনেককিছু শিখতে পেরেছি ওনার কাছ থেকে। এছাড়া সিয়াম অনেক ভালো একজন অভিনয় শিল্পী এবং খুবই সহযোগিতা পরায়ণ। সিয়াম কাজের ব্যাপারে সবসময়ই সিরিয়াস থাকে।’ এক সময় ছোটপর্দায় নিয়মিত কাজ করা নোভাকে চলচ্চিত্রে সরব হতে দেখা যাবে কি-না—এমন প্রশ্নে নোভা আরো বলেন, ‘আমি আসলে চরিত্রের ব্যাপ্তির চেয়ে গভীরতা দেখে বরাবরই কাজ করি। চলচ্চিত্রের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। এই ছবিটির কাজ শেষ হওয়ার পর যদি সে ধরনের চরিত্রে কাজের প্রস্তাব পাই, তবে অবশ্যই কাজ করবো।’