বিনোদন ডেস্ক
বর্তমানে ‘অন্তরাঙ্গি রে’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। আনন্দ এল রায়ের পরিচালিত এই সিনেমাটি আগামী ৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এসে অক্ষয় কুমার ও দক্ষিণী অভিনেতা ধানুসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এরইমাঝে নতুন একটি সিনেমার খবরে এলেন সারা। শোনা যাচ্ছে, নির্মাতা পবনের পরবর্তী সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এ নিয়ে সারার সঙ্গে নাকি প্রাথমিক আলোচনাও সেরেছেন এই নির্মাতা। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে পবন বর্তমানে তার নতুন সিনেমা ‘ভুত পুলিশ’ নিয়ে দারুণ ব্যস্ত রয়েছে। সিনেমাটিতে সাইফ আলী খান, জ্যাকুলিক ফার্নান্দেজসহ বেশ কয়েকজন স্টার অভিনয় করেছেন। সিনেমাটি ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। জানা গেছে, প্রযোজক রমেশ তৌরানি এরইমধ্যে তার টিপস ফিল্মসের ব্যানারে নতুন সিনেমা তৈরির জন্য নির্মাতা পবনের সঙ্গে চুক্তি করেছেন। সিনেমাটিতে সারার সঙ্গে অভিনয় করবেন বিক্রান্ত মেসি। সিনেমাটি নিয়ে এখন অবধি বিস্তারিত কিছু না জানা গেলেও আগামী ৫ অক্টোবর একটি আলোচনায় বসার কথা রয়েছে। তবে রমেশ তৌরানি জানিয়েছেন, এখন অবধি বিষয়টি প্রাথমিক আলোচনার মাঝেই সীমাবদ্ধ রয়েছে। চূড়ান্ত আলোচনা শেষে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাতে চান তিনি।