ঘরে ফিরে বলতে চাই বাংলাদেশে সিরিজ জিতেছি :বেনেট

কোয়ারেন্টাইন শেষ হবে আজ

 

 স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ড পেসার হামিশ বেনেট। ১১ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলেননি তিনি। সেবার কিউইদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে এবার বাংলাদেশে এসেছেন বেনেট। ফরম্যাট ভিন্ন হলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রতিশোধ নিতে চান এই ডানহাতি পেসার। যার গল্প শোনাবেন দেশে ফিরে।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রতিবেশীদের এমন দুরবস্থা দেখে বেশ সতর্ক কিউইরা। যদিও বাংলাদেশের মাটিতে তাদের অভিজ্ঞতাও ভালো নয়। সব ফরম্যাট মিলিয়ে শেষ ১০ ম্যাচে জয় মাত্র একটিতে। তবে ঐ একটি জয়ই টি-টোয়েন্টি সিরিজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন বেনেট।

কোয়ারেন্টাইনে থেকে সংবাদমাধ্যমকে বেনেট বলেন, ‘আমরা দল হিসেবে দেশের জন্য খেলতে এসেছি। বাংলাদেশে এর আগেও এসেছি আমি এবং সেবার ৪-০ ব্যবধানে হেরেছি আমরা। এখানে খুব বেশি সাফল্য নেই আমাদের, তাই এটাই বড় অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য। আমরা নিউজিল্যান্ডে ফিরে বলতে চাইব যে, বাংলাদেশে সিরিজ জিতেছি। যেখানে অস্ট্রেলিয়া ও বাকি সেরা দলগুলোর খুব ভুগতে হয়েছে।’

তিন দিনের কোয়ারেন্টাইন পর্বের আজ শেষ দিন দুই দলের। আগামীকাল থেকে অনুশীলনে নামবে তারা। পাঁচ দিনের এই অনুশীলনে দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান বেনেট। তার ধারণা, অজিদের মতো তাদেরও স্পিনে ঘায়েল করতে চাইবে টাইগাররা। টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ৯ উইকেট নেওয়া এই পেসার বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ জানতে পেরেছি কোন পদ্ধতি অনুরসরণ করবে তারা। তবে আরেকটি জিনিস হলো কন্ডিশন। এমন (স্পিন) উইকেটে আমাদের পরিকল্পনা কাজ করবে কি না, সেটা খুঁজে নিতে চার-পাঁচ দিন সময় আছে হাতে।’

ঢাকায় এসে বাংলাদেশের আতিথ্যেও খুশি বেনেট। গতকাল তিনি জানিয়েছেন, কোয়ারেন্টাইনকালীন করোনা পরীক্ষায় দলের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত ফিন অ্যালেনও আইসোলেশনে ভালো আছেন।

নিউজিল্যান্ডে পেস-বাউন্সি কন্ডিশনে মানিয়ে নিতে সংগ্রাম করে বাংলাদেশ দল। একইভাবে ঢাকায় এসে স্লো-লো বাউন্সি উইকেটে অস্বস্তিতে থাকে নিউজিল্যান্ড। এসবে সমস্যা দেখছেন না বেনেট। তার মতে, এটি ভিন্ন ভিন্ন কন্ডিশনের স্বকীয়তা।

লিঙ্কনে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট তৈরি করে সিরিজের প্রস্তুতি নিয়েছে নিউজিল্যান্ড। প্রস্তুতি সম্পর্কে বেনেট বলেছেন, ‘আমরা অনেক ব্যবহূত উইকেটে প্রস্তুতি নিয়েছি। যেটা আমাদের জন্য দারুণ প্রস্তুতি ছিল।’