ফুটপাত দখলদারমুক্ত হোক

চৌদ্দগ্রাম কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে চৌদ্দগ্রামের ওপর দিয়ে। এ মহাসড়কের মধ্যবর্তী স্থানেই চৌদ্দগ্রাম বাজার। এই বাজার থেকে স্থানীয়রা প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্য ক্রয়ের জন্য আসেন। মহাসড়কের দুপাশে রয়েছে মানুষের চলাচলের জন্য ফুটপাত। তবে বিগত কয়েক বছর ধরে কিছু অসাধু ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাত দখল করে ফলের দোকান, পান-সিগারেটের দোকান, সাময়িক বিকাশ ও রিচার্জ দোকান দিয়ে বসেছে। এর ফলে, সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে গিয়ে নানা দুর্ভোগের স্বীকার হয়। এ দুর্ভোগ কাটাতে অনেক সময় ফুটপাত ছেড়ে গণপরিবহন চলার পথ দিয়ে অসতর্কভাবে চলাচল করছে। যার ফলে একদিকে যেমন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এ সমস্ত দুর্ভোগ ও দুর্ঘটনা রোধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের তাত্ক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে ঐ সমস্ত দখলদার ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানগুলো উচ্ছেদ করে জনগণের দুর্ভোগ কমাতে সক্ষম হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে সেই অবৈধ দখলদার ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত ও রাস্তা দখল করে আবারো দোকান দিয়ে বসতে শুরু করেছে। বর্তমানে করোনাভাইরাসে সাধারণ মানুষের সংক্রমিত হওয়ার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। অতএব, মানুষের চলাচলের পথকে নিরাপদ রাখতে দখলদার ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

মুহাম্মদ হোসাইন, চৌদ্দগ্রাম, কুমিল্লা