ডিজিএফআইয়ের কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা শেষে কমিটি এ সুপারিশ করে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুর রহমান ও বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সম্পর্কিত প্রতিবেদনে বয়সসীমা অনুযায়ী তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবনায় সংসদীয় কমিটি সম্মতি দিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পরিকল্পিতভাবে অনুষ্ঠানগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য পরামর্শ দিয়েছে কমিটি।