বিজেএমসির বন্ধ পাটকলগুলোতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো পুনরায় চালু করে পাটপণ্য উত্পাদনে বিনিয়োগ করতে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান এক সৌজন্য সাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান। বৈঠকে বস্ত্র ও পাটসচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উত্পাদিত হয় এবং পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উত্পাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণ পরিবেশবান্ধব। বাংলাদেশ ভবিষ্যতে আরো অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য সৌদি আরবে রপ্তানি করতে চায় বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। সে জন্য সৌদি আরব  বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।

সাক্ষাত্কালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।