ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার মন্তব্য করে গ্রেফতার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেয়েছেন। আট ঘণ্টা হাজতবাসের পরে তাকে জামিন দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। তবে জামিন পেলেও বেশকিছু শর্ত মানতে হবে বিজেপি নেতাকে।
মঙ্গলবার রাতে নারায়ণের জামিনের পরে তার আইনজীবী সংবাদ সংস্থা এএনআইকে জানান, ১৫ হাজার রুপির মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর জেরার জন্য থানায় হাজিরা দিতে হবে নারায়ণ রানেকে। আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য থেকে তাকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আদালত।
গত সোমবার মুম্বাইয়ের সিন্ধুদুর্গে বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দেন নারায়ণ। তিনি দাবি করেন, ১৫ আগস্টের বক্তৃতায় স্বাধীনতার বছর ভুলে গিয়েছিলেন উদ্ধব। বক্তৃতার মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত বাকিদের কাছে এই বিষয়ে জানতে চান। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে কষে চড় মারতাম।
এই মন্তব্যের পর রানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এরপর মঙ্গলবার তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। উদ্ধব ঠাকরের দল শিবসেনার সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তারা বোঝাতে চেয়েছিলেন কেউ আইনের ঊর্ধ্বে নন। নারায়ণ জামিন পাওয়ায় কোনো সমস্যা নেই। কিন্তু ভবিষ্যতে কেউ যেন এমন না করেন তাই এই পদক্ষেপ করেছেন তারা। গত জুলাইতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হন রানে। গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারের ঘটনা ভারতে এটিই প্রথম।