নারীর অবমাননাকর ভিডিও ও ছবি প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট

নারীর চরিত্র হনন করে এমন কোনো ভিডিও, ছবি ও প্রতিবেদন প্রচার ও প্রকাশিত হয়েছে তা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের ভিডিও, ছবি ও প্রতিবেদন প্রচার ও প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে পরীমনি, মোসারাত জাহান মুনিয়া, সাবরিনা আরিফ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তির ওপর সম্প্রতি প্রকাশিত ভিডিও, ছবি ও প্রতিবেদন যুক্ত করা হয়। গতকাল বুধবার হাইকোর্টে এ রিট করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে রিটে ।

তাসমিয়াহ নুহিয়া আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা যদি পরীমনির ঘটনাই দেখি, তিনি একজন মাদক মামলার আসামি। কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ভিডিও প্রচার করছে। মুনিয়ার মৃত্যুর পর তার বোন যখন অভিযোগ আনলেন, তখন তার বেডরুমের ভিডিও ভাইরাল করা হয়েছে। এসবের পেছনে উদ্দেশ্য কী? এতে নারীর ক্ষমতায়নকে যেমন প্রশ্নবিদ্ধ করছে, তেমনি নারীর ক্ষমতায়নকে পেছনে টেনে ধরছে।