বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ৯ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে তাদের জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার বলেন, ‘আমরা গ্রেফতার ২১ জনের জামিনের আবেদন করেছিলাম। আদালত ইউএনও মুনিবুর রহমানের দায়ের করা মামলায় তিন জনকে এবং কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিকের দায়ের করা মামলায় ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। তবে জামিন পাওয়াদের মধ্যে তিন জন উভয় মামলার আসামি। বাকি আসামিদের জামিন নামঞ্জুর করেছে আদালত। আমরা পরবর্তী তারিখে তাদের জামিনের আবেদন করব। এই জামিন আবেদনকে কেন্দ্র করে আদালতকক্ষে সিনিয়র আইনজীবীসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।’
জামিনপ্রাপ্তরা হলেন—ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী, মমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন কবির হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন ও নাসির উদ্দিন। এদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন।
ইউএনওর দায়ের করা মামলায় যে ১৩ জনের জামিন আবেদন করা হয় তারা হলেন—মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ওলি উল্লাহ, রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিব, মো. শুভ হাওলাদার, শুভ সাহা, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, সাহিনুর ইসলাম সাহিন, হারুন অর রশিদ ও আলো গাজী।
পুলিশের দায়ের করা মামলায় যে ২১ জনের জামিন আবেদনের করা হয় তারা হলেন—বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইদ আহম্মেদ মান্না, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ওলি উল্লাহ, রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, মো. শুভ হাওলাদার, শুভ সাহা, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, সাহিনুর ইসলাম সাহিন, হারুন অর রশিদ, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, মো. হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দীন, মো. মিরাজ গাজী, আলো গাজী ও মো. নাসির উদ্দিন শরীফ।