দৈনিক ইত্তেফাকে ২৩ আগস্ট প্রকাশিত ‘মেঘনায় থ্রি এঙ্গেলের থাবা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, তারা ২০১০ সাল থেকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় নয়ানগর মৌজায় ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার লোক কাজ করে। বেশ কিছুদিন যাবত্ একটি অদৃশ্য মহলের হাতছানিতে তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালানো হচ্ছে। এটি একটি প্রগতিশীল খাতকে ধ্বংস করার চক্রান্ত বলে তারা মনে করেন। তারা দাবি করেন আমাদের শিপইয়ার্ডে অভ্যন্তরে খাল/নদীর বিন্দুমাত্র অংশ ভরাট করা হয় নাই। প্রতিবাদলিপিতে তারা সরকারের যে কোনো প্রতিনিধিকে যে কোনো সময় সরেজমিনে পরিদর্শনের বিনীত আহ্বান জানান।
প্রতিবেদকের বক্তব্য
ঐ এলাকা সরেজমিনে পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এখানে কোনো অদৃশ্য মহলের হাতছানি ছিল না। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সেখানকার নদী দখলদারদের যে তালিকা প্রকাশ করেছেন তাতে থ্রি এঙ্গেলের নাম এক নম্বরে ছিল।