পুলিশের হয়রানি বন্ধসহ দশ দাবি পূরণ না হলে ৪৮ ঘণ্টা কর্মবিরতি

কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ঘোষণা

বিশেষ প্রতিনিধি

পুলিশের হয়রানি-চাঁদাবাজি বন্ধ, ট্রাক চালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে  দোষীদের আইনের আওতায় আনাসহ ১০ দফা দাবি আদায় না হলে ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহনে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ  ট্রাক-কাভার্ড ভ্যান, লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।’

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান ও সদস্য সচিব তাজুল ইসলাম।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে : ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজশর্তে লাইসেন্স দেওয়া, পণ্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর সঙ্গে জড়িত ড্রাইভার, মালিক বা ট্রান্সপোর্ট এজেন্সিসহ যেই থাকুক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালীন আগের মতো জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোহারা বন্ধ করা, মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নির্দেশিকা অনুযায়ী পরিচালনা ব্যয় আদায় করার সুযোগ দেওয়া এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করা।