আড়াইহাজারে ওয়ারিশ সনদে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ওয়ারিশ সনদ দেওয়ায় অনিয়মের অভিযোগে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই ব্যক্তির অনুকূলে দুটি ওয়ারিশ সনদ প্রদানসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, সাতগ্রামের আবেদ আলী নামে এক ব্যক্তির ওয়ারিশ সনদ প্রদান করা হয়। কিন্তু দ্বিতীয় ওয়ারিশ সনদে তিনি কোনো স্বাক্ষর দেননি বলে তিনি দাবি করেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ইউপি চেয়ারম্যান অদুদ মিয়াকে বরখাস্ত করার বিষয়ে চিঠি পেয়েছি। একই ব্যক্তির পৃথক ওয়ারিশ সনদ প্রদানের ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।