স্টাফ রির্পোটার, রংপুর
রংপুরের বদরগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ২৩ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। বিষয়টি বদরগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম বুধবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান আয়নাল হকের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি প্রদর্শন করে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় মামলা রয়েছে। ঐ মামলায় চলতি বছরের ১২ মে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় তাকে দিয়ে ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় এবং স্থানীয় সরকার আইন অনুযায়ী আয়নাল হককে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।