চাটমোহরে আমন রোপণে ব্যস্ত কৃষক

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরের প্রতিটি মাঠে রোপা আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। বর্তমানে এ এলাকার কৃষকদের মূল ব্যস্ততা আমন নিয়েই। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের পর চারা রোপণে পুরুষদের পাশাপাশি নারীদেরও ব্যস্ত দেখা যাচ্ছে। চাটমোহরের মূলগ্রামের কৃষক জাকির হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও জমি প্রস্তুত করে রোপা আমন রোপণ করা হচ্ছে। বিঘা প্রতি খরচ ৮ থেকে ১০ হাজার টাকা। আর প্রতি বিঘায় ধান পাওয়া যায় ১৫ থেকে ১৬ মণ। এক থেকে দেড় মাস বন্যার পানি না থাকায় এবারে কৃষক প্রচুর রোপা আমন লাগিয়েছে। কিন্তু চার-পাঁচ দিন হলো বন্যার পানি বেড়েছে। এতে রোপা আমন পানিতে তলিয়ে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ বলেন, উপজেলায় রোপা আমন লাগানো চলছে পুরোদমে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত রোপা আমান ধানের চারা রোপণ চলবে। ইতিমধ্যে ৫০ শতাংশ জমিতে কৃষক ধান লাগিয়েছে। এবারে লক্ষ্যমাত্রার ছাড়িয়ে যাবে। তবে গত কয়েক দিন বন্যার পানি ব্যাপক হারে বেড়েছে। এতে কৃষকরা অনেকটাই হতাশায় পড়েছেন। বন্যা পরিস্থিতি দেখে সেপ্টেম্বর মাসের শেষের দিকেও অনেকে ধান লাগাবেন।