ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। বুধবার থেকে পুরোদমে এই সেবা পাচ্ছেন হাসপাতালের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তরা।
এই সিস্টেমের ফলে একসাথে ২৫০ জন ব্যক্তিকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সেইসঙ্গে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাইফ্লো ন্যাজালের মাধ্যমে অক্সিজেন সেবা। জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিত্সায় ব্রাহ্মণবাড়িয়া আরো এক ধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬১৭ আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের।