ছিনতাইকারীর গুলিতে সিটি ব্যাংকের এজেন্ট নিহত

মেহেরপুর সদর উপজেলার খোকসাতে ছিনতাইকারীরা গুলি করে হত্যা করেছে খাদেমুল ইসলাম (৩৫) নামের সিটি ব্যাংকের এক এজেন্টকে। বৃহষ্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আমঝুঁপি-গাড়াডোব সড়কের খোকসাতে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। তিনি একই উপজেলার কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট ছিলেন। 

পথচারীরা জানান, রাস্তার পাশে একটি আম বাগানে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে গিয়ে দেখা যায় এক লোক মৃতপ্রায় পড়ে আছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ হোসেন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুরে পৌঁছালে তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, নিহত খাদেমুলের ব্যাগে থাকা ৪৬ লাখ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এসজেড