বৃষ্টি এলো! তুমিও তো এলে মনে, সঙ্গোপনে!
কী প্রবল বরিষন! তুমুল ভিজছে মন, স্মৃতি!
চোখের ইশারাভাষা, প্রেমের উদ্ধৃতিরাশি!
বলা নেই, নেই কওয়া, সেই যে চলে গেলে!
স্বপ্ন ছুঁলো কি আকাশ? বলাকারা পেলো নীড়?
আমি স্থির, আঁকি মুখ ও চিবুক, সোনালি রোদ্দুর!
দুধে-আলতা রং ভাসে ক্যানভাসে...নিরুদ্দেশ মন!
বাঁধা পড়ে দেহের অধিক দেহ, মায়ামন্ত্রজালে...
সকালে-বিকালে আর ঘোর তন্দ্রাকালে!
আহা বৃষ্টি! কী অদ্ভুত ঘোর নিয়ে এলে দেহমনে!
কে নাচে, নাচায় কে-বা—পিকাসোর রং ও তুলিতে!
শিলিগুড়ি ডুয়ার্স দার্জিলিংয়ে ওড়ে বুনোমন, পাখির
ডানার রং মুছে ফেলে কোন জীবনানন্দ? কে জানে?
বৃষ্টি এলো! তুমিও তো এলে মনে, সঙ্গোপনে!